চলতি বছরের ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। বিষয়টি জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নভেম্বরে চালু করার অনুরোধ জানানো হলেও রাশিয়া জানিয়েছে, ডিসেম্বরেই বিদ্যুৎকেন্দ্রটি কার্যক্রম শুরু করবে। ইতোমধ্যে পারমাণবিক জ্বালানি এসে পৌঁছেছে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর পর্যবেক্ষণ শেষে সুপারিশ বাস্তবায়নের কাজ চলছে।
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে নির্মিত এ বিদ্যুৎকেন্দ্রের প্রতিটি ইউনিটে রাশিয়া নির্মিত ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর ব্যবহার করা হয়েছে। দুই ইউনিট মিলিয়ে মোট উৎপাদন সক্ষমতা হবে ২,৪০০ মেগাওয়াট। তবে প্রতিইউনিট বিদ্যুতের দাম এখনো নির্ধারণ হয়নি।
২০১১ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সরকার ও রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রসাটমের মধ্যে এ প্রকল্পের জন্য চুক্তি হয়। পরে ২০১৭ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়নে রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তার পাশাপাশি আইএইএ-এর নিরাপত্তা মান ও আন্তর্জাতিক সেরা অনুশীলন অনুসরণ করা হচ্ছে।
আইএইএ-এর সব শর্ত পূরণের পর বাংলাদেশ রূপপুর প্রকল্পে পারমাণবিক জ্বালানি আমদানি ও সংরক্ষণের লাইসেন্স পেয়েছে। দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক স্থাপন করবে এ বিদ্যুৎকেন্দ্র।
আপনার মতামত লিখুন :