গ্রেপ্তার ম্যানেজার ও আয়োজক

আসামে গায়ক জুবিন গর্গের মৃত্যু


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৫, ৫:২৬ অপরাহ্ন

আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু তদন্তে বড় অগ্রগতি এসেছে। এ ঘটনায় গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করেছে সিআইডির বিশেষ তদন্ত দল।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সিদ্ধার্থ শর্মাকে গুরগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে এবং শ্যামকানু মহন্তকে সিঙ্গাপুর থেকে দিল্লি ফেরার পর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার ভোরে দুজনকে গুয়াহাটিতে নিয়ে আসা হয়েছে।

এর আগে এ মামলায় গায়কের ড্রামার শেখরজ্যোতিকেও গ্রেপ্তার করেছিল পুলিশ। উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে জুবিন গর্গের মৃত্যু হয়, যা ঘিরে ব্যাপক রহস্য তৈরি হয়।

এই ঘটনার তদন্তে আসাম সরকার বিশেষ ডিজিপি এমপি গুপ্তার নেতৃত্বে ১০ সদস্যের তদন্ত দল গঠন করে। ওই দলই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। তবে নোটিশ জারির পর থেকেই তারা গা-ঢাকা দিয়েছিলেন।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এর আগে জানিয়েছিলেন, ইন্টারপোলের মাধ্যমে মহন্ত ও শর্মার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। অবশেষে, তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং এখন তদন্তে নতুন দিক উন্মোচনের অপেক্ষা করছে আসামবাসী।