নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তাঁর ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। কানাডা থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বাবার অসুস্থতার বিষয়টি তুলে ধরে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
জয় জানান, চলতি বছরের শুরু থেকেই ইলিয়াস কাঞ্চনের শারীরিক নানা সমস্যা দেখা দেয়। কথা বলতে অসুবিধা ও স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শে গত ৯ এপ্রিল ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ পরীক্ষার পর তাঁর মাথায় টিউমার ধরা পড়ে। ঝুঁকিপূর্ণ হওয়ায় দেশে অস্ত্রোপচার না করে গত ২৬ এপ্রিল তাঁকে লন্ডনে নেওয়া হয়।
লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে প্রাথমিক পরীক্ষা শেষে গত ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান, টিউমারটি মস্তিষ্কের গভীরে থাকায় পুরোপুরি অপসারণ সম্ভব হয়নি। আংশিক অপারেশনের পর অবশিষ্ট অংশকে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চিকিৎসা চলছে।
আগামী ছয় সপ্তাহ ধরে সপ্তাহে পাঁচ দিন করে ৩০টি রেডিয়েশন ও কেমোথেরাপি সেশন হবে। এরপর চার সপ্তাহ তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসকরা অনুমতি দিলে দেশে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন জয়।
তিনি আরও বলেন, “আমার বাবা দীর্ঘদিন অসুস্থ। চিকিৎসা ব্যয়বহুল হলেও আমরা তাঁর সুস্থতার আশায় আছি। দেশবাসীর কাছে দোয়া চাই।”
আপনার মতামত লিখুন :