শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব।
তারেক রহমান বলেন, আবহমানকাল ধরে এই ভূখণ্ডে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করে আসছে, যা বাংলাদেশের ঐতিহ্যবাহী সামাজিক ও ধর্মীয় সংস্কৃতির অংশ। শরতের কাশফুল ও শীতের আগমনী বার্তা দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে দেয়, যা অন্ধকার থেকে আলোর পথে যাত্রার প্রতীক।
তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিশ্চিন্তে সারাদেশে উৎসব উদযাপন করুন এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। বিএনপি বিশ্বাস করে— “ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।”
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, সংবিধান অনুযায়ী দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। নবী করিম (সা.) এর হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, অমুসলিমদের ওপর জুলুম-অত্যাচারের বিরুদ্ধে সতর্ক করেছেন মহানবী, এবং কেয়ামতের দিন তিনি এর বিচার করবেন।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে একজন নাগরিকের নিরাপত্তা ও সম্মান রক্ষায় অন্য নাগরিকের দায়িত্ব পালন করা স্বাভাবিক নিয়ম। যারা দমন-পীড়ন চালিয়ে সমাজ ও সভ্যতাকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে সংগ্রাম ন্যায়সঙ্গত।
তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যাতে শারদীয় উৎসব ঘিরে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সুযোগ সৃষ্টি না হয়।


আপনার মতামত লিখুন :