জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভারি বৃষ্টির শঙ্কা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৫, ১:১৩ অপরাহ্ন

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’ নিয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

জানা গেছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্র ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলের পূর্ব দিকে ও কলকাতা থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬৫ কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ৮৩ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। রাতেই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মধ্যবর্তী উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এখনো এটিকে গভীর নিম্নচাপ হিসেবে গণ্য করছে।

ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশ অতিক্রম করবে না। তবে এর প্রভাবে বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে ৫ অক্টোবর পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে দেশের ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে নদীর পানি বৃদ্ধি পেয়ে চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪ অক্টোবর সকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

👉 ঘূর্ণিঝড় শক্তির অগ্রগতির কারণে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।