জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টি, দক্ষিণাঞ্চলে বৃষ্টি ও বন্যার আশঙ্কা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় ‘শক্তি’-তে পরিণত হয়েছে। বাংলাদেশের ওপর দিয়ে সরাসরি না গেলেও এর প্রভাবে ইতোমধ্যে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বৃহস্পতিবার সকালে তার ভেরিফায়ড ফেসবুক আইডিতে জানিয়েছেন, জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের সর্বশেষ প্রতিবেদনে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তির কেন্দ্র ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রীয় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬৫ কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ঘণ্টায় ৮৩ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

ঘূর্ণিঝড়টি আজ রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী উপকূল অতিক্রম করতে পারে। যদিও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এটিকে এখনও গভীর নিম্নচাপ হিসাবেই দেখছে।

বাংলাদেশে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ওপর মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪ অক্টোবর সকাল পর্যন্ত এ ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে।