রাজধানীর বাজারে এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে শাকসবজি ও নিত্যপণ্যের দাম। গত সপ্তাহে কাঁচা মরিচ যেখানে ২০০ টাকার নিচে ছিল, সেখানে এ সপ্তাহে কেজিপ্রতি ৩৫০ টাকা ছাড়িয়েছে। একইসঙ্গে বেড়েছে মুরগি ও মাছসহ অন্যান্য সবজির দামও।
শুক্রবার (৩ অক্টোবর) কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বৃষ্টির অজুহাতে বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি ১৫-২৫ টাকা বেড়েছে। বর্তমানে বেগুন ১৫০-২০০, পটোল ৮০, শিম ২০০, করলা ১২০, টমেটো ১৬০, ঢ্যাঁড়স ৮০, বরবটি ১২
০, কাঁকরোল ১০০, মুলা ৮০, শসা ৬০ এবং পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
গেন্ডারিয়ার এক বিক্রেতা হোসেন আলী জানান, বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় মরিচের সংকট দেখা দিয়েছে। ভারত থেকেও আমদানি বন্ধ থাকায় পাইকারি বাজারে পাঁচ কেজি মরিচ কিনতে হচ্ছে ১২০০–১৩০০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ৮০০–৯০০ টাকা।
সবজি বিক্রেতারা বলছেন, বৃষ্টি ও পূজার ছুটিতে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তবে ক্রেতারা অভিযোগ করছেন, অজুহাতেই দাম বাড়িয়ে দিচ্ছেন বিক্রেতারা। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ বেশি ভোগান্তিতে পড়ছেন।
আপনার মতামত লিখুন :