বেনাপোল স্থলবন্দর

পাঁচ দিন পর বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৫, ৩:৫১ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে টানা পাঁচ দিনের বিরতির পর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে দুই দেশের ব্যবসায়ীরা পুনরায় পণ্য আদান-প্রদান চালু করেন। সকাল ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে ভারতীয় পণ্যবাহী প্রায় ১০টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। তবে এখনো পর্যন্ত বাংলাদেশি কোনো পণ্য ভারতে রপ্তানি হয়নি।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে দুই দেশের ব্যবসায়ীদের পারস্পরিক সিদ্ধান্তে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছিল। আজ থেকে স্বাভাবিকভাবে পণ্য প্রবাহ শুরু হওয়ায় সীমান্ত বাণিজ্যে গতি ফিরেছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ভারতের সরকারি ছুটির কারণে এই বিরতি ছিল। শনিবার থেকে পুনরায় কার্যক্রম সচল হওয়ায় ব্যবসায়ী মহলে স্বস্তি নেমে এসেছে। প্রতিদিন গড়ে আড়াই হাজার মেট্রিক টনের বেশি পণ্য এই বন্দর দিয়ে আদান-প্রদান হয়, যা বাংলাদেশের মোট স্থলবাণিজ্যের প্রায় ৭০ শতাংশ।