বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় চীন—বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে পাঠানো অভিনন্দন বার্তায় এ মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার ঢাকায় চীনা দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বার্তায় শি জিনপিং বলেন, বাংলাদেশ ও চীন ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ, যাদের সম্পর্কের রয়েছে দীর্ঘ ইতিহাস। গত ৫০ বছরে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিবর্তন সত্ত্বেও দুই দেশ সর্বদা শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার মাধ্যমে দুই দেশ আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনে ‘উইন-উইন’ সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ-চীন পারস্পরিক আস্থা জোরদার করেছে, বেল্ট অ্যান্ড রোডসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা প্রসারিত হয়েছে এবং কৌশলগত অংশীদারিত্ব গভীরতর হয়েছে। বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে তিনি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।
অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, গত পাঁচ দশকে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক এক গভীর বন্ধুত্বে পরিণত হয়েছে। দুই দেশের সহযোগিতা জনগণের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় চীনের অবদানকে বাংলাদেশ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে।
তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের নেতৃবৃন্দ ও জনগণের যৌথ প্রচেষ্টায় ভবিষ্যতে বাংলাদেশ-চীন সহযোগিতা আরও বৃহত্তর সাফল্য বয়ে আনবে।
আপনার মতামত লিখুন :