আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘শক্তি’, ভারতে রেড অ্যালার্ট


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’ ক্রমেই শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাব মোকাবিলায় ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) মহারাষ্ট্রের উপকূলীয় তিন জেলা—মুম্বাই, রাইগাদ ও রত্নগিরিতে রেড অ্যালার্ট জারি করেছে। সতর্কতা বহাল থাকবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত।

শনিবার দেশটির সংবাদমাধ্যম জানায়, ঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও বেশি। বর্তমানে এটি গুজরাটের দরকা উপকূল থেকে প্রায় ৪২০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে পশ্চিমমুখীভাবে অগ্রসর হচ্ছে। তবে পূর্বাভাস অনুযায়ী, ৬ অক্টোবর এটি দিক পরিবর্তন করে পূর্ব-উত্তরপূর্ব দিকে যেতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।

আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র আগামী ৮ অক্টোবর পর্যন্ত উত্তাল থেকে অতি উত্তাল থাকতে পারে। এ অবস্থায় জেলেদের সমুদ্রে না যাওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে উপকূলীয় অঞ্চলের মানুষকে সরকারি নির্দেশনা মেনে চলতে ও অযথা বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ঝড়ের সঙ্গে প্রবল বর্ষণেরও আশঙ্কা রয়েছে। বিশেষ করে মহারাষ্ট্র, পূর্ব বিধর্ব ও উত্তর কনকন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে স্বাভাবিক জীবন ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।