আগ্রাসনবিরোধী আট স্তম্ভ

শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পলাশী চত্বরে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ উদ্বোধন


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ন
শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার) পালিত হচ্ছে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী চত্বরে উদ্বোধন করা হয়েছে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’। বিকেল ৩টায় আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন আবরারের বাবা বরকত উল্লাহ।

উল্লেখ্য, ২০২০ সালের ৭ অক্টোবর আবরারের প্রথম শাহাদতবার্ষিকীতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো আট স্তম্ভ নির্মিত হয়। তবে পরদিনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্দেশে সেটি ভেঙে ফেলা হয়। সে সময় নির্মাণ কার্যক্রমের নেতৃত্বে থাকা আখতার হোসেন—যিনি বর্তমানে আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব—ছাত্রলীগের হামলা ও নির্যাতনের শিকার হন।

স্মৃতিস্তম্ভের ফলকে খোদাই করা আছে আবরার ফাহাদের প্রিয় উক্তি—“অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে।”

প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ অক্টোবর ভারতের সঙ্গে বাংলাদেশের পানি ও গ্যাস চুক্তি নিয়ে ভিন্নমত জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। পরদিন ৬ অক্টোবর রাতে শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে নির্যাতন করে হত্যা করে।