খন্দকার এম তালহা

ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ: কূটনৈতিক অঙ্গনে ঐতিহাসিক সাফল্য


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৫, ১২:০১ অপরাহ্ন

বাংলাদেশ প্রথমবারের মতো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো)-র ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) প্যারিসে অনুষ্ঠিত নির্বাচনে জাপানের প্রার্থীকে পরাজিত করে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা এ পদে নির্বাচিত হন।

বাংলাদেশের ইউনেস্কো সদস্যপদ অর্জনের ৫৩ বছরের ইতিহাসে এই প্রথমবার কোনো বাংলাদেশি প্রতিনিধি সভাপতি নির্বাচিত হলেন—যা দেশের কূটনৈতিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এই অর্জনে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন এবং নবনির্বাচিত সভাপতিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এক বিবৃতিতে ড. আবরার বলেন, “ইউনেস্কোতে বাংলাদেশের সভাপতি পদে নির্বাচিত হওয়া নিঃসন্দেহে এক অসাধারণ কূটনৈতিক অর্জন। এটি বাংলাদেশের জাতীয় মর্যাদা, নেতৃত্বের সক্ষমতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রতিফলন।”

তিনি আরও বলেন, “১৯৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে সহযোগিতা ও সংহতির বন্ধন জোরদারের মাধ্যমে বাংলাদেশ এখন বৈশ্বিক মঞ্চে আরও দৃঢ় অবস্থান তৈরি করেছে। এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।