ভয়াবহ প্যারাগ্লাইডার হামলা

মিয়ানমারে বৌদ্ধ উৎসবে প্যারাগ্লাইডার হামলায় নিহত ২৪


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

মিয়ানমারের মধ্যাঞ্চলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী থাডিংজুত উৎসব চলাকালে এক ভয়াবহ প্যারাগ্লাইডার হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় চৌং উ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০০ জন মানুষ উৎসব ও জান্তাবিরোধী মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন। হঠাৎ একটি মোটরচালিত প্যারাগ্লাইডার থেকে ভিড় লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করা হয়। ঘটনাস্থলেই বহু মানুষ প্রাণ হারান।

পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) জানায়, তারা আগে থেকেই আকাশপথে হামলার আশঙ্কা করেছিল এবং কর্মসূচি সংক্ষিপ্ত করার চেষ্টা করেছিল। কিন্তু হামলাকারীরা মাত্র সাত মিনিটের মধ্যে এসে বোমা ফেললে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “প্রথম বোমাটি পড়ার সঙ্গে সঙ্গে আমি মাটিতে পড়ে যাই, তারপরও বোমার টুকরায় হাঁটুতে আঘাত পাই। আমার পাশেই মানুষ মারা যাচ্ছিল।” স্থানীয়রা জানান, বিস্ফোরণের তীব্রতায় শিশুদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়, ফলে মৃতদেহ শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি জান্তার মোটরচালিত প্যারাগ্লাইডার ব্যবহারের ঘটনাকে “নতুন ও উদ্বেগজনক প্রবণতা” বলে অভিহিত করেছে। তাদের মতে, সামরিক বিমান ও হেলিকপ্টারের ঘাটতি মেটাতে জান্তা এখন এই ধরনের প্যারামোটর হামলার দিকে ঝুঁকছে।

মানবাধিকার সংস্থাটি দক্ষিণ-পূর্ব এশীয় জোট আসিয়ানকে আহ্বান জানিয়েছে মিয়ানমার সংকটে আরও কঠোর অবস্থান নিতে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে।

উল্লেখ্য, ২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে এখন পর্যন্ত ৫ হাজারের বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে জাতিসংঘের অনুমান। ডিসেম্বর মাসে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সমালোচকরা মনে করছেন এই নির্বাচন হবে জান্তাকে বৈধতা দেওয়ার একটি প্রহসন মাত্র।