যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের এক জুরি জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে রায় ঘোষণা করে কোম্পানিটিকে ৯৬৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে। অভিযোগে বলা হয়েছে, কোম্পানির উৎপাদিত ট্যালকম পাউডার ক্যানসার সৃষ্টি করে।
মামলাটি দায়ের করেছিলেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মে মুরের পরিবার, যিনি ২০২১ সালে ক্যানসারে মারা যান। তারা দাবি করেছেন, জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার ও অন্যান্য ট্যালকম পণ্য ব্যবহারের ফলে মে মুর বিরল ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
সোমবার রাতে জুরি বোর্ড রায় দেন, কোম্পানিটি ১.৬ কোটি ডলার সাধারণ ক্ষতিপূরণ এবং ৯৫০ মিলিয়ন ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে প্রদান করবে। আদালতের নথি অনুযায়ী, জনসনের ট্যালকম পাউডারে অ্যাসবেস্টস ফাইবার ছিল, যা মে মুরের ক্যানসারের কারণ হিসেবে ধরা হয়েছে।
মুর পরিবারের আইনজীবী ট্রে ব্রানহ্যাম রায়ের পর বলেন, “আমরা আশা করি জনসন অ্যান্ড জনসন অবশেষে এসব মৃত্যুর দায় স্বীকার করবে।”
তবে জনসন অ্যান্ড জনসনের বৈশ্বিক মামলাবিষয়ক ভাইস প্রেসিডেন্ট এরিক হাস বলেছেন, কোম্পানি রায়ের বিরুদ্ধে অবিলম্বে আপিল করবে। তিনি রায়কে ‘চূড়ান্তভাবে বেআইনি ও অযৌক্তিক’ আখ্যা দিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, আপিলের মাধ্যমে এই শাস্তিমূলক ক্ষতিপূরণ কমে যেতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নীতি অনুযায়ী, সাধারণত শাস্তিমূলক ক্ষতিপূরণ ক্ষতিপূরণের ৯ গুণের বেশি হওয়া উচিত নয়।
আপনার মতামত লিখুন :