শম্পা জুয়েলার্স

মালিবাগে জুয়েলারি চুরি: ৫০০ ভরি স্বর্ণালঙ্কার উধাও


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৮ অক্টোবর) রাতের ঘটনা বলে ধারণা করছে পুলিশ।

ডিএমপির রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একদল চোর শাটারের তালা কেটে দোকানে প্রবেশ করে স্বর্ণালঙ্কার চুরি করেছে। পুলিশের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ৩টার দিকে দু’জন বোরকা পরা চোর দোকানে ঢুকে চুরির ঘটনা ঘটায়।

শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য বিশ্বাস জানান, তার দোকানে মোট ৫০০ ভরি স্বর্ণ ছিল, যার মধ্যে ৪০০ ভরি দোকানের এবং ১০০ ভরি বন্ধকী স্বর্ণ। এছাড়া চুরির সময় ৪০ হাজার টাকাও চুরি হয়েছে।

পরিদর্শক তারিকুল ইসলাম আরও বলেন, দোকান এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসল চোরদের শনাক্তের চেষ্টা চলছে। আশা করা যাচ্ছে দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।