এ বছরের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
নোবেল কমিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানায়, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও স্বাধীনতার জন্য নিরলস লড়াই চালিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবে মাচাদোকে এ বছরের শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
গত বছর (২০২৪) শান্তিতে নোবেল পেয়েছিল জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন ‘নিহন হিদানকায়ো’। পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পরমাণু হামলার ভয়াবহতা সম্পর্কে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য বিশ্বের সামনে তুলে ধরার অবদানের জন্য সংগঠনটিকে ওই পুরস্কার দেওয়া হয়েছিল।
নোবেল কমিটির এই ঘোষণায় ভেনেজুয়েলা জুড়ে আনন্দের বন্যা বয়ে গেছে। গণতন্ত্র ও মানবাধিকারের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রামরত মাচাদোকে এখন ল্যাটিন আমেরিকায় আশার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :