ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছেন। গত মাসের শেষের দিকে এই খবর প্রকাশ করেন তার ছেলে মিরাজ মইন জয়। খবর প্রকাশের পর থেকে শিল্পী ও ভক্তদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
লন্ডনে চিকিৎসাধীন অভিনেতাকে দেখতে যান তার দীর্ঘদিনের সহকর্মী ও চিত্রনায়িকা রোজিনা। এবার ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
স্ট্যাটাসে শাকিব খান লিখেছেন, “ইলিয়াস কাঞ্চন আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই, যার জীবন এক আন্দোলনের প্রতীক ও আলোর যাত্রা। রূপালি পর্দায় তিনি সবাইকে প্রিয় নায়ক, বাস্তব জীবনে মানবতার সৈনিক। কাঞ্চন ভাই বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন, এক নিঃশব্দ লড়াইয়ে রয়েছেন। দেশের কোটি মানুষের প্রার্থনা তাঁর সঙ্গে, যেন তিনি আবার আগের মতো উদ্যমী, হাস্যোজ্জ্বল ও প্রেরণাদায়ক মানুষ হয়ে ফিরে আসেন। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন। আমরা সবাই তাঁর পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে।”
বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার হয়েছে এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।
আপনার মতামত লিখুন :