অধ্যাপক মুহাম্মদ ইউনূস

গুলশানের ভোটার হলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভোটার এলাকা এখন রাজধানীর গুলশান-২। জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া আগের ঠিকানা মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স থেকে পরিবর্তন করে তিনি নতুন করে গুলশান-২ এর বাসার ঠিকানা যুক্ত করেছেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুলশানের নির্ধারিত কেন্দ্রেই ভোট দেবেন তিনি।

ইসি সূত্রে জানা গেছে, ঠিকানা পরিবর্তনের আবেদন করেন মুহাম্মদ ইউনূস চলতি বছরের ফেব্রুয়ারিতে। ১৭ ফেব্রুয়ারি আবেদনটি অনুমোদন করেন নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের মহাপরিচালক। পরদিনই তথ্য হালনাগাদ করা হয়।

এর আগে তিনি মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঠিকানায় ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। নতুন ঠিকানা অনুযায়ী তিনি এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

ইসির কর্মকর্তারা জানান, ভোটার এলাকা পরিবর্তন একটি নিয়মিত প্রক্রিয়া। নির্ধারিত ১৩ নম্বর ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে যাচাই-বাছাই শেষে অনুমোদন সাপেক্ষে ভোটার এলাকার পরিবর্তন করা হয়।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, “ভোটার এলাকা স্থানান্তর একটি চলমান প্রক্রিয়া। নির্ধারিত বিধি অনুযায়ী আবেদন জমা দিলে যাচাই শেষে এনআইডি উইং অনুমোদন প্রদান করে। এরপরই সংশ্লিষ্ট তথ্য হালনাগাদ করা হয়।”

এদিকে, আসন্ন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত মুহাম্মদ ইউনূস এখন থেকে গুলশানের কেন্দ্রেই তার ভোটাধিকার প্রয়োগ করবেন।