শিল্পী ও গীতিকবি সফি ভাওয়াইয়া

ইত্যাদি অনুষ্ঠানে ভাওয়াইয়া শিল্পীদের অবমূল্যায়নের অভিযোগ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ৫:২০ অপরাহ্ন

উত্তরবঙ্গের জেলা শহর কুড়িগ্রামে অনুষ্ঠিত জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় ভাওয়াইয়া শিল্পী ও গীতিকবি সফি ভাওয়াইয়া অভিযোগ করেছেন, অনুষ্ঠানে কুড়িগ্রামের ভাওয়াইয়া শিল্পীদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি।

তিনি বলেন, “কুড়িগ্রাম ভাওয়াইয়ার সুতিকাগার। এখানেই জন্ম নিয়েছেন অনন্ত কুমার দেব, পঞ্চানন রায়, শফি ভাওয়াইয়া, ভুপতি ভুষণ বর্মা, জাহাঙ্গীর হোসেন জেহাদের মতো কিংবদন্তি শিল্পীরা। এই ঐতিহ্যকে উপেক্ষা করা মানে সংস্কৃতির প্রতি অবমাননা।”

সফি আরও মন্তব্য করেন, “ভাওয়াইয়া কুড়িগ্রামের প্রাণ। এটিকে অবমূল্যায়ন করা উত্তরবঙ্গের সাংস্কৃতিক সত্ত্বাকে অস্বীকার করার শামিল। হানিফ সংকেতের মতো একজন গুণী নির্মাতার কাছ থেকে আমরা আরও সংবেদনশীল আচরণ আশা করেছিলাম।”

তার এই মন্তব্যে স্থানীয় শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সফির বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, স্থানীয় শিল্পীদের প্রতি এমন অবহেলা বড় ধরনের অন্যায়।

পরবর্তীতে সফি ভাওয়াইয়া আহ্বান জানান, ভবিষ্যতে ‘ইত্যাদি’র মতো জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে স্থানীয় ভাওয়াইয়া শিল্পীদের সম্মান ও অংশগ্রহণ নিশ্চিত করা হোক, যাতে উত্তরবঙ্গের ঐতিহ্য যথাযথ মর্যাদায় উপস্থাপিত হয়।