ইসরায়েল পার্লামেন্ট

ইসরায়েলি পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে হট্টগোল, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন

ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় তীব্র হট্টগোলের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবিতে কয়েকজন বিরোধী দলীয় সংসদ সদস্য তার বক্তব্য বাধাগ্রস্ত করেন। ফলে ট্রাম্পকে কিছু সময়ের জন্য ভাষণ থামাতে হয়। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ভাষণের মাঝখানে এক সংসদ সদস্য ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লেখা একটি প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেন। এতে সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি হলে নেসেটের স্পিকার আমির ওহানা সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান। পরে ওই প্রতিবাদী সংসদ সদস্যকে দ্রুত পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয়। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, অন্তত দুজন সংসদ সদস্যকে চেম্বার থেকে সরিয়ে নেওয়া হয়।

ঘটনাটির পর ট্রাম্প হাস্যরস করে বলেন, “ওটা ছিল বেশ কার্যকর ব্যবস্থা।” এরপর তিনি আবার বক্তব্য শুরু করে বলেন, “এটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর।”

তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশংসা করে বলেন, “তিনি একজন অসাধারণ সাহসী নেতা।” এসময় সংসদ সদস্যরা “বিবি, বিবি” বলে স্লোগান দিতে থাকেন।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে ভূমিকার জন্য আরব দেশগুলোকেও ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, “এটি এক অবিশ্বাস্য সাফল্য— তারা সবাই একসঙ্গে কাজ করেছে।”

ট্রাম্প আরও বলেন, “এখন শুরু হচ্ছে ইসরায়েলের স্বর্ণযুগ, একই সঙ্গে পুরো মধ্যপ্রাচ্যেরও।”

তিনি তার ভাষণে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টিও উল্লেখ করে বলেন, “দীর্ঘ দুই বছরের অন্ধকার শেষে ২০ জন সাহসী জিম্মি পরিবারের কোলে ফিরেছে, আর ২৮ জন প্রিয়জন ফিরে এসেছে চিরনিদ্রার জন্য পবিত্র এই ভূমিতে।”

শেষে তিনি বলেন, “এখন বন্দুক থেমে গেছে, অঞ্চলজুড়ে শান্তি ফিরে এসেছে— আমরা আশা করি এই শান্তি চিরস্থায়ী হবে।”

সূত্র: বিবিসি