ভারতের তিনটি শিশুদের কফ সিরাপ নিয়ে সতর্কবার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য তৈরি এই সিরাপগুলোতে বিপজ্জনক মাত্রায় ডায়াথিলিন গ্লাইকোল নামের এক বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, অনুমোদিত সীমার চেয়ে প্রায় ৫০০ গুণ বেশি ডায়াথিলিন গ্লাইকোল পাওয়া গেছে এসব সিরাপে। এই রাসায়নিকের অতিমাত্রা শরীরে প্রবেশ করলে তা কিডনি বিকল, স্নায়ুতন্ত্রের ক্ষতি এবং মৃত্যুর কারণ হতে পারে।
ডব্লিউএইচওর তালিকায় থাকা সিরাপ তিনটি হলো—
১. কোল্ডরিফ, উৎপাদনকারী প্রতিষ্ঠান শ্রেসান ফার্মাসিউটিক্যালস
২. রেসপিফরেশ টিআর, উৎপাদনকারী রেডনেক্স ফার্মাসিউটিক্যালস
৩. রিলাইফ, উৎপাদনকারী শেপ ফার্মা
গত আগস্টে শ্রেসান ফার্মাসিউটিক্যালসের তৈরি কোল্ডরিফ সিরাপ খেয়ে ১৭ শিশুর মৃত্যু হয় ভারতে। এর আগে ২০২৩ সালে অন্য এক ভারতীয় কোম্পানির কফ সিরাপ সেবনে উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ায় ১৪১ শিশুর মৃত্যু হয়েছিল।
এ ঘটনায় ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিসসিও) জানিয়েছে, তারা ডব্লিউএইচও’র সতর্কবার্তা গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং ওষুধের মান নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ শুরু করেছে।
বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা আবারও প্রমাণ করে যে, শিশুদের ওষুধ উৎপাদনে আন্তর্জাতিক মান নিশ্চিত করা না গেলে তা ভয়াবহ জনস্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হতে পারে।
আপনার মতামত লিখুন :