দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হলো বহুল প্রত্যাশিত ফিনালিসিমা ২০২৬–এর ভেন্যু ও সময়সূচি। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই মহারণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ মার্চ ২০২৬, কাতারের রাজধানী দোহায় অবস্থিত লুসাইল স্টেডিয়ামে—যে মাঠে ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।
স্প্যানিশ দৈনিক মার্কা-র প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে এই ফিনালিসিমায়। ম্যাচটিকে কেন্দ্র করে ফুটবল দুনিয়ায় ইতোমধ্যেই তুমুল উন্মাদনা শুরু হয়েছে। আসন্ন বিশ্বকাপের আগে এই ম্যাচকে ধরা হচ্ছে দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের ‘বিশেষ লড়াই’ হিসেবে।
এর আগে সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় ছিল লন্ডনের ওয়েম্বলি, সৌদি আরবের রিয়াদ ও উরুগুয়ের মন্টেভিডিও। তবে শেষ পর্যন্ত আয়োজকদের পছন্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে কাতারের লুসাইল স্টেডিয়াম।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লিওনেল মেসির নেতৃত্বে ইতোমধ্যে পরবর্তী বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে। অপরদিকে, ইউরো চ্যাম্পিয়ন স্পেনও সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে। দুই দলের ফুটবল সংস্থা এখন ম্যাচ আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।
ফুটবলপ্রেমীদের আগ্রহের অন্যতম কারণ—মেসি বনাম ইয়ামাল মুখোমুখি লড়াই। স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে অনেকে মেসির যোগ্য উত্তরসূরি হিসেবে দেখছেন। ফলে দুই প্রজন্মের দুই তারকার এই লড়াই ঘিরে উন্মাদনা আরও বেড়েছে।
উল্লেখ্য, ফিনালিসিমা মূলত ১৯৮৫ ও ১৯৯৩ সালের আর্তেমিও ফ্রাঞ্চি কাপের নব সংস্করণ। ১৯৯৩ সালে শেষবার এই ট্রফি জিতেছিলেন দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বাধীন আর্জেন্টিনা। পরবর্তীতে ২০২২ সালে ইতালিকে ৩–০ গোলে হারিয়ে আবারও ফিনালিসিমা জেতে লিওনেল স্কালোনির দল।
বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের বিশ্বকাপের আগেই এই ম্যাচটি হতে যাচ্ছে এক ‘মিনি ওয়ার্ল্ডকাপ’–সদৃশ মহারণ, যেখানে দেখা যাবে দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের সরাসরি দ্বন্দ্ব।
আপনার মতামত লিখুন :