চাকসু নির্বাচন

৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু ও হল সংসদ নির্বাচন শুরু


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন। বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

তবে ভোটের শুরুতেই নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান অভিযোগ করেছেন, শিক্ষার্থীদের হাতে দেওয়া ভোটের কালি মুছে যাচ্ছে। সকাল সোয়া ১০টার দিকে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “কথা ছিল কালি স্থায়ী হবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সহজেই তা মুছে যাচ্ছে। আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দিচ্ছি।”

ইমরান রায়হান নামে এক শিক্ষার্থী জানান, “আমি মাত্রই ভোট দিয়ে এলাম। কিন্তু একটু ঘষলেই কালি উঠে যাচ্ছে। এতে কেউ প্রমাণ করতে পারবে না যে আমি ভোট দিয়েছি।”

দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়ছেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।