এমপিওভুক্ত শিক্ষকরা

শাহবাগে অবস্থান কর্মসূচিতে এমপিওভুক্ত শিক্ষকরা, বন্ধ যানচলাচল


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ২:২৪ অপরাহ্ন

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা পূর্বঘোষণা অনুযায়ী শাহবাগে অবস্থান নিয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টা ৩ মিনিটের দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিলে পুরো এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা দেন শিক্ষকরা। তবে জাতীয় গ্রন্থাগারের সামনে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। শিক্ষকরা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন।

দুপুর ১টা ৪০ মিনিটে শহীদ মিনার থেকে রওনা হওয়া মিছিলে শিক্ষকরা জাতীয় পতাকা ও দাবি-সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন।

গত মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।

এর আগে, গত রোববার (১২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই শিক্ষকরা দেশব্যাপী পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন।

বুধবার দুপুরে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন,

“বাড়িভাড়া ২০ শতাংশের এক শতাংশও কম হবে না, চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকার নিচে হবে না, কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশই দিতে হবে। না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।”

তিনি আরও বলেন,

“দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অল্প সময়ের মধ্যেই শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করব।”

এদিকে, শাহবাগ মোড়ে শিক্ষকদের অবস্থানের কারণে এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে।