তিন গোয়েন্দা

তিন গোয়েন্দা’-এর স্রষ্টা রকিব হাসানের জীবনাবসান


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ৬:১২ অপরাহ্ন

জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ ‘তিন গোয়েন্দা’-এর স্রষ্টা ও প্রখ্যাত লেখক রকিব হাসান আর নেই। বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর লেখকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রকিব হাসান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তার দুটি কিডনি বিকল হয়ে গিয়েছিল, এবং ডায়ালাইসিস চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে।

১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন রকিব হাসান। বাবার চাকরির সুবাদে তার শৈশব কেটেছে ফেনীতে। পড়াশোনা শেষে বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও অফিসের বাঁধাধরা জীবনে মন টেকেনি তার; লেখালেখিকেই বেছে নেন জীবনের পথ হিসেবে।

তার প্রথম প্রকাশিত বই ছিল একটি ছদ্মনামে লেখা অনুবাদগ্রন্থ। স্বনামে প্রথম প্রকাশ করেন ব্রাম স্টোকারের ‘ড্রাকুলা’-র অনুবাদ। এরপর অনুবাদ করেন ‘অ্যারাবিয়ান নাইটস’ ও এডগার রাইস বারোজের ‘টারজান’।

তবে শিশু-কিশোরদের জন্য লেখা বইয়েই তিনি অর্জন করেন ব্যাপক জনপ্রিয়তা। ‘তিন গোয়েন্দা’ ছাড়াও তার রচিত বিখ্যাত সিরিজ হলো ‘তিন বন্ধু’ ও ‘গোয়েন্দা কিশোর মুসা রবিন’।

তার লেখা তিন গোয়েন্দা সিরিজের বইয়ের সংখ্যা ১৬০টি, আর অনুবাদ করেছেন প্রায় ৩০টি বই।
বাংলা কিশোর সাহিত্যে রকিব হাসানের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।