চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণের পর এখন চলছে ভোট গণনার প্রস্তুতি। এবারের নির্বাচনে ভোট হয়েছে ব্যালট পেপারে, যা গণনা করা হবে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। ভোটের ফলাফল সরাসরি ১৪টি এলইডি স্ক্রিনের মাধ্যমে প্রদর্শিত হবে।
নির্বাচনের প্রধান কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানিয়েছেন, ভোট গ্রহণ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হয়েছে। কিছু বিচ্ছিন্ন অভিযোগ থাকলেও ভোট গ্রহণে বড় কোনো সমস্যা হয়নি। বিকেল ৩টা পর্যন্ত মোট ভোটারের প্রায় ৫৫ শতাংশ ভোট পড়েছে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭,৫১৭ জন। ভোটগ্রহণ হয়েছে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদে এবং ১৫টি হলের ৬০টি কক্ষে, মোট ৬৮৯টি বুথে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদে ৪৯৩ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন।
আপনার মতামত লিখুন :