১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে আত্মসাত


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৫, ২:৫৮ অপরাহ্ন

ভুয়া কাগজপত্র তৈরি করে নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে তিন দফায় মোট ১০০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ১৩ জনের বিরুদ্ধে পৃথক তিনটি অভিযোগপত্র দাখিলের অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৫ অক্টোবর) ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদক সূত্র জানায়, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে মেসার্স এ এম ট্রেডিং নামে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠান থেকে ২০১৩ সালে রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড (বর্তমান আভিভা ফাইন্যান্স লিমিটেড) থেকে প্রথমে ৩২ কোটি ৫০ লাখ, পরে ২৪ কোটি ও ৩৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাত করা হয়। এই টাকা এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে।

অভিযোগপত্র অনুমোদিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাসান, শাহানা ফেরদৌস, রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার, সাবেক ইভিপি রাশেদুল হক, নাহিদা রুনাই, কাজী আহমেদ জামাল, জুমারাতুল বান্না, জহির আহমেদ, টিপু সুলতান, মো. ইসহাক ও মেসার্স এ এম ট্রেডিংয়ের মালিক মো. আবদুল্লাহ আল মামুন।

এছাড়া চট্টগ্রামের জাহাজভাঙার শিল্পপ্রতিষ্ঠানের মালিক শওকত আলী চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের নামে ৮ হাজার কোটি টাকার লেনদেন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের তদন্তও শুরু করেছে দুদক। এছাড়া বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বদরুদ্দোজা চৌধুরীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। দুদকের অভিযোগ, তিনি ৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং ২০ কোটি ৬৯ লাখ ২৫৩ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।