চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন, নিযন্ত্রণে ১৬টি ইউনিট


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৫, ৬:০২ অপরাহ্ন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইলস লিমিটেড নামে চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫টি ইউনিট টানা তিন ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে বিকেল ৫টা পর্যন্তও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন ৮ তলা ভবনের সপ্তম তলায় লেগে দ্রুত ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কার্যালয়ের এক কর্মকর্তা জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুনের উৎস নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সময় কারখানায় পাঁচশতাধিক শ্রমিক কর্মরত ছিলেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের ঘটনায় ইপিজেড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া জানান, মেডিক্যাল ইকুইপমেন্ট তৈরির ওই কম্পানির সপ্তম তলায় আগুন লেগে তা দ্রুত নিচের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে।

এর আগে, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মিরপুর রূপনগর শিয়ালবাড়ী এলাকায় এক প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে ১০ জনের মরদেহ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, চট্টগ্রাম ইপিজেডের আগুন নেভাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।