হামলায় নিহত তিন আফগান ক্রিকেটার, পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল আফগানিস্তান


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

আফগানিস্তানের পাকতিকা প্রদেশের আরগুন জেলায় পাকিস্তানি বাহিনীর হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে এই ত্রিদেশীয় সিরিজের। তবে মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আফগানিস্তান নিজেদের অংশগ্রহণ বাতিলের ঘোষণা দিয়েছে।

গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে এসিবি জানায়, “পাকতিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটাররা পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে।”

এসিবি আরও জানায়, নিহত তিন ক্রিকেটার— কবির, সিবঘাতুল্লাহ ও হারুন— সেদিন প্রাদেশিক রাজধানী শারানা শহরে একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। এ ঘটনায় মোট আটজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, “এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড নভেম্বরের শেষ দিকে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।”

এ সিরিজটি হতো চলতি বছরে আফগানিস্তান ও পাকিস্তানকে নিয়ে দ্বিতীয় ত্রিদেশীয় প্রতিযোগিতা। তবে পাকিস্তানের মাটিতে এটিই হতে যাচ্ছিল আফগানিস্তানের প্রথম ত্রিদেশীয় সিরিজ।

ত্রিদেশীয় সিরিজের সূচি অনুযায়ী পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দুটি ম্যাচ হওয়ার কথা ছিল— প্রথমটি ১৭ নভেম্বর উদ্বোধনী ম্যাচ এবং দ্বিতীয়টি ২৩ নভেম্বর।

উল্লেখযোগ্য যে, দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে, এমন পরিস্থিতিতেই সিরিজ আয়োজনের ঘোষণা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এ ঘটনার পর পিসিবি এখনো কোনো মন্তব্য করেনি।