জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে যারা স্বাক্ষর করেছে তারা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “গতকালের ঘটনায় যারা জুলাই যোদ্ধারা আহত হয়েছেন, তাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী আখ্যা দিয়ে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ ভুল তথ্য প্রচার করেছেন। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজপথে ছিলেন না, তাই হয়তো তিনি বাস্তবতা জানেন না।”
তিনি আরও বলেন, আতিকুল গাজী, শহীদ মীর মুগ্ধ ও শহীদ ইয়ামিনের পরিবারকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা অত্যন্ত কষ্টদায়ক। তিনি সালাহ উদ্দিনকে আহ্বান জানান, এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাইবেন।
সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, জুলাই জাতীয় সনদে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং দেশের ২৪টি রাজনৈতিক দলের শীর্ষ নেতা স্বাক্ষর করেছেন। অনুষ্ঠানে স্বাক্ষরের পর ড. ইউনূস বলেন, “আজকের দিনটি ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে, যারা অসম্ভবকে সম্ভব করেছে তাদের নাম চিরঅক্ষয় হয়ে থাকবে।”
তবে এনসিপি এবং কিছু বাম দল সনদে স্বাক্ষর করেনি। তাদের আপত্তির কারণ ছিল সনদ বাস্তবায়নের পদ্ধতি ও আইনি ভিত্তি স্পষ্ট না করা। স্বাক্ষর অনুষ্ঠান চলাকালীন জাতীয় সংসদ ভবনের অনুষ্ঠানস্থলে প্রবেশ করে ‘জুলাই যোদ্ধা’রা অবস্থান নেন। পুলিশ তাদের সরানোর সময় সংঘর্ষ, লাঠিপেটা, ইটপাটকেল নিক্ষেপ এবং সড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, এতে পুলিশ ও যোদ্ধাসহ বহু ব্যক্তি আহত হন।
আপনার মতামত লিখুন :