তারেক রহমান

গ্রামে গ্রামে হেলথ টিম গঠন করবে বিএনপি


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ৮:২৫ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। আগামীতে জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে প্রতিটি গ্রামে হেলথ টিম গঠন করা হবে, যারা তৃণমূল মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে।

শনিবার (১৮ অক্টোবর) বিকালে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। ক্যাম্প আয়োজন করেন ফাউন্ডেশনের সহ-সভাপতি এবং তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমান।

তারেক রহমান বলেন, রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। উন্নত দেশও স্বাস্থ্যসেবায় হিমশিম খাচ্ছে, অথচ আমরা উন্নয়নশীল দেশ। প্রত্যেক নাগরিকের চিকিৎসা সেবা পাওয়ার অধিকার রয়েছে। বিএনপি চায় দেশের প্রতিটি মানুষ সুস্থ থাকুক এবং স্বাস্থ্যসেবা পৌঁছাক প্রতিটি গ্রামে।

তিনি আরও বলেন, সরকার গঠনের পর হেলথ টিম গ্রামে গ্রামে কাজ করবে, যাতে কম মানুষ অসুস্থ হয় এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমে। সুস্থ পরিবার, সুস্থ গ্রাম, উপজেলা ও জেলা গড়ে সুস্থ বাংলাদেশ গঠন হবে। এছাড়া প্রাইভেট ও পাবলিক পার্টনারশিপের মাধ্যমে উন্নয়নকে গতিশীল করা হবে এবং নারী, কৃষক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে।

ডা. জোবাইদা রহমান বলেন, মানবতার সেবায় কাজ করা আমাদের দায়িত্ব। ফাউন্ডেশন ২৬ বছর ধরে মানুষের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় সাত হাজার রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। শতাধিক চিকিৎসক ব্লাড প্রেসার, ব্লাড সুগার, ইসিজি ও এক্সরে পরীক্ষা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডা. মোস্তফা আজিজ সুমন, ডা. ফরহাদ হালিম, হেলালুজ্জামান তালুকদার লালু, অধ্যাপক ডা. মওদুদ হোসেন, ডা. আলমগীর পাভেল, ডা. শাহ মো. শাহজাহান আলী, মোর্শেদ মিল্টন, সাংবাদিক আতিকুর রহমান রুমন, আ.ন.ম. মনোয়ারুল কাদির বিটু, ডা. ইউনুস আলী ও ডা. এম. আর. হাসান।