ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

শাহজালালে আগুন: ২০ ঘণ্টা পরও ধোঁয়া, বিপুল ক্ষতির আশঙ্কা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ২০ ঘণ্টা পরও ধোঁয়া উড়ছে। রোববার সকাল পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন, পাশাপাশি ঘটনাস্থলে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

শনিবার দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের আমদানি কমপ্লেক্সের কুরিয়ার গুদামে আগুন লাগে, যা দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এতে বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায় এবং রাত ৯টার দিকে পরিস্থিতি আংশিক স্বাভাবিক হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা না থাকলেও ধোঁয়া এখনো সম্পূর্ণভাবে নিভেনি।

অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কার্গো এলাকায় উপস্থিত এক সি অ্যান্ড এফ এজেন্ট কর্মী মনিরুজ্জামান বলেন, “অনেক ব্যবসায়ীর আমদানি করা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমরা গভীর দুশ্চিন্তায় আছি।”

ফ্লাইট বন্ধ থাকায় শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছেন। ঢাকাগামী ফ্লাইটগুলো ডাইভার্ট হয়ে সিলেট ও চট্টগ্রামে অবতরণ করে। এ ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও কারণ অনুসন্ধানে পৃথক তদন্ত কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, যদি নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়, তবে সরকার তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেবে। বিবৃতিতে আরও বলা হয়, “অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে ব্যাহত করার সুযোগ দেওয়া হবে না।