বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সভাস্থলে ককটেল হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই হামলার ঘটনা ঘটে।
জানা যায়, জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বিকেল ৩টায় বগুড়া জেলা পরিষদের অডিটোরিয়ামে আসেন সারজিস আলম। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ও নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। ঠিক সভা শুরু হওয়ার আগ মুহূর্তে জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর পাশ থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি জেলা পরিষদ প্রাঙ্গণে বিস্ফোরিত হয়, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালায়।
বগুড়া জেলা এনসিপির নেতা শওকত ইমরান জানান, হামলাটি পূর্বপরিকল্পিত হতে পারে। সভা শুরু হওয়ার ঠিক আগে এই ঘটনা ঘটে, তবে হামলাকারীদের এখনো শনাক্ত করা যায়নি।
এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “এই ধরনের হামলা দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে। আমরা প্রশাসন ও অন্তর্বর্তী সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি। হামলাকারীদের মুখোশ উন্মোচন করে তাদের বিচারের আওতায় আনতে হবে।”
বগুড়া সদর থানার ওসি হাসান বাশির জানান, ঘটনার তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে। যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।
আপনার মতামত লিখুন :