ফল ব্যবসায়ী পরিচয়ে বান্দরবানে বাসা ভাড়া নিয়ে পর্নো কনটেন্ট তৈরি ও প্রচারে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বান্দরবান শহরের রোয়াংছড়ি বাসস্টেশন এলাকার একটি ভাড়াবাসা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা ফল ব্যবসায়ী সেজে ওই ভবনের পঞ্চম তলায় বাসা ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছিলেন। বাড়ির ম্যানেজার জানান, গত ১৩ অক্টোবর ১০ হাজার টাকায় কক্ষটি ভাড়া নেওয়া হয় এবং নিয়ম অনুযায়ী জাতীয় পরিচয়পত্রসহ সব তথ্য জমা দেওয়া হয়। তিনি আরও জানান, বাইরে যাওয়ার সময় যুগলটি সবসময় হেলমেট পরে বের হতেন, যা তাদের পরিচয় গোপনের ইঙ্গিত দেয়।
বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ বলেন, “রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয় এবং রাতেই তাদের চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।”
গ্রেপ্তারের আগে ওই যুগলের বিরুদ্ধে দেশে বসেই আন্তর্জাতিক পর্নোগ্রাফি প্ল্যাটফর্মে সক্রিয় থাকার অভিযোগ ওঠে। তারা নিজেদের ‘মডেল’ পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন এবং বিশ্বের অন্যতম বড় একটি ওয়েবসাইটে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন।
তথ্য অনুসারে, ২০২৪ সালের মে মাস থেকে তারা অনলাইনে সক্রিয় হয়ে শতাধিক ভিডিও প্রকাশ করেন, যা বিপুল দর্শক ও অনুসারী অর্জন করে। পাশাপাশি তারা টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মেও সক্রিয় ছিলেন।
সম্প্রতি অনুসন্ধানমূলক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট তাদের কার্যক্রমের বিস্তারিত প্রকাশ করলে বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নো কনটেন্ট তৈরি ও প্রচার একটি দণ্ডনীয় অপরাধ। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এই যুগল শুধু নিজেরাই অপরাধে জড়িত নন, বরং অন্যদেরও উৎসাহিত করে দেশে বসে পর্নোগ্রাফি নির্মাণের একটি নেটওয়ার্ক গড়ে তুলছিলেন।
আপনার মতামত লিখুন :