প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক সংলাপ

আজ জামায়াতের আগে যমুনায় যাচ্ছে এনসিপি


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ (বুধবার) রাজনৈতিক সংলাপে বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল। বিকেল সোয়া পাঁচটায় যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে এবং সন্ধ্যা ছয়টায় জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবেই এ বৈঠক দু’টি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গতকাল মঙ্গলবার বিএনপির সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস।

জামায়াতের পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। তাঁরা চলমান রাজনৈতিক অস্থিরতা, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া ও নির্বাচন কাঠামো নিয়ে আলোচনা করবেন।

গত ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের পর তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য তৈরি হয়। এ পরিস্থিতিতে রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলতে প্রধান উপদেষ্টা দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছেন।

গতকাল বিএনপি তাদের বৈঠকে নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে ‘তত্ত্বাবধায়ক সরকারের মতো কাঠামোতে’ গঠনের প্রস্তাব দেয় এবং সরকারের মধ্যে যদি কোনো দলীয় ব্যক্তি থেকে থাকেন, তাঁদের অপসারণের দাবি জানায়।

এদিকে জামায়াত ইতোমধ্যে নভেম্বরে গণভোট ও আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলনে নেমেছে। অন্যদিকে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর না করায় তাদের অবস্থানকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে।