ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) মর্গে এক মৃত তরুণীকে ধর্ষণের জঘন্য ঘটনায় আবু সাঈদ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২০ অক্টোবর দুপুর দেড়টার দিকে মমেকের মর্গে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবু সাঈদ হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে এবং স্থানীয় থানা পুলিশের লাশবাহক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, ১৯ অক্টোবর হালুয়াঘাটের ঘোষবেড় এলাকায় ২০ বছর বয়সী এক তরুণী ফাঁসিতে আত্মহত্যা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আবু সাঈদের তত্ত্বাবধানে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠায়। সেখানে মৃতের স্বজনরা অনুপস্থিত থাকায় সুযোগ বুঝে আবু সাঈদ তরুণীর মরদেহ ধর্ষণ করেন।
পরে ময়নাতদন্তকারী চিকিৎসক মৃত তরুণীর যৌনাঙ্গে তাজা বীর্য পাওয়ার বিষয়টি জানালে বিষয়টি প্রকাশ পায়। তদন্তে ধর্ষণের সত্যতা মেলে। হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল মিয়া গোপন তথ্যের ভিত্তিতে ২১ অক্টোবর পাঠাগার মোড় এলাকা থেকে আবু সাঈদকে আটক করেন। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতে হাজির করা হলে আবু সাঈদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
আপনার মতামত লিখুন :