রাতের সংঘর্ষে নিহত তরুণ ছিলেন গ্রাফিক্স ডিজাইনার

জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, নিহত ১


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মো. আতিকুর রহমান জুয়েল জানান, ভোরে খবর আসে জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে ব্যাপক ককটেল বিস্ফোরণ হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলেও ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে জানা যায়, সংঘর্ষে একজন আহত হয়েছিলেন, যিনি পরবর্তীতে মারা যান।

নিহত জাহিদের বন্ধুদের বরাতে জানা গেছে, তিনি পেশায় গ্রাফিক্স ডিজাইনার ছিলেন। ঘটনার রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে হঠাৎ দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়েন। এ সময় তার পায়ের কাছে ককটেল বিস্ফোরিত হলে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।