মেহের আফরোজ শাওনের মা তাহুরা আলী আর নেই


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে নিজ ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন শাওন।

ফেসবুক পোস্টে শাওন লেখেন,

“নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তাঁর কাছেই ফিরে যাবো। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার মা বেগম তাহুরা আলী পরলোকগমন করেছেন। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।”

শাওন আরও জানান, তার মায়ের প্রথম জানাজা আজ আসরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে এবং দ্বিতীয় জানাজা মাগরিবের নামাজের পর তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে।

তিনি সকলের কাছে তার মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেগম তাহুরা আলী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুর সময় শাওন ও তার পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।

বেগম তাহুরা আলী ছিলেন একজন শিক্ষিত, মার্জিত ও সংস্কৃতিমনা নারী।
তার কন্যা মেহের আফরোজ শাওন দেশের সাংস্কৃতিক অঙ্গনের এক বহুমুখী প্রতিভা—অভিনেত্রী, গায়িকা, নির্মাতা ও লেখক হিসেবে পরিচিত। তিনি প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী।