সালমান শাহ হত্যা: শাশুড়ির ১২ লাখ টাকার ‘কিলার কন্ট্রাক্ট’


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৫, ৬:২৪ অপরাহ্ন

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে আবারও উত্তাল চলচ্চিত্র অঙ্গন। মৃত্যুর প্রায় ২৯ বছর পর নতুন করে আলোচনায় এসেছে তার রহস্যজনক মৃত্যু। অপমৃত্যুর তদন্ত এখন রূপ নিয়েছে হত্যা মামলায়, আর সেখানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য— শাশুড়ির ১২ লাখ টাকার চুক্তিতে খুন হন সালমান শাহ।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান সালমান শাহ। এতদিন এ মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও, মামলার ১১ নম্বর আসামি রেজভি আহমেদ ফরহাদের ১৯৯৭ সালের জবানবন্দিতে উঠে আসে ভয়াবহ হত্যার বিবরণ।

রেজভির ভাষ্য অনুযায়ী, সালমান শাহকে হত্যা করা হয় ১২ লাখ টাকার বিনিময়ে, যার চুক্তি করেছিলেন সালমানের শাশুড়ি লতিফা হক লুসি। এ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, ফারুক, জাভেদসহ আরও কয়েকজন।

ঘটনার আগের দিন, ৫ সেপ্টেম্বর রাতে গুলিস্তানের এক বারে খুনের পরিকল্পনা হয়। সেখানে উপস্থিত ছিলেন ডন, ডেভিড, ফারুক, জাভেদ, রেজভি ও আরও কয়েকজন। প্রাথমিকভাবে ২ লাখ টাকা প্রদান করা হয়, পরে আরও ৪ লাখ টাকা আসে— মোট চুক্তি ছিল ১২ লাখ টাকার।

রেজভির বর্ণনা অনুযায়ী, হত্যার রাতে ঘুমন্ত সালমান শাহকে প্রথমে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয়। পরে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয় এবং আত্মহত্যা সাজানোর জন্য তার মরদেহ সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়। হত্যার সময় উপস্থিত ছিলেন সালমানের স্ত্রী সামিরা, তার মা লুসি ও আত্মীয়া রুবি।

দীর্ঘ তদন্তেও রহস্যের জট না কাটায় মামলাটি নতুন করে হত্যা মামলা হিসেবে রেকর্ড হয়। বর্তমানে এ মামলার আসামি করা হয়েছে ১১ জনকে। এর মধ্যে প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক।

অন্যান্য আসামিরা হলেন— প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আবদুস সাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ।

এ ঘটনায় আবারও আলোচনায় এসেছে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে আলোচিত মৃত্যু— নায়ক সালমান শাহর হত্যাকাণ্ড।