রমনা থানার ওসি

সালমান শাহ হত্যা মামলার আসামিদের শিগগিরই গ্রেফতার করা হবে


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

ঢালিউডের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেফতারের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং তাদের অবস্থান শনাক্তে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এমন তথ্য জানিয়েছেন রমনা থানার ওসি ওমর ফারুক।

তিনি জানান, “অভিযুক্তদের মধ্যে কয়েকজন দেশের বাইরে অবস্থান করছেন, অনেকে দেশে আছেন। দেশে থাকা আসামিরা যেন বিদেশে পালাতে না পারেন, সে বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। খুব শিগগিরই সকল অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।”

উল্লেখ্য, গত ২০ অক্টোবর সালমান শাহর রহস্যজনক মৃত্যুর মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন মহানগর দায়রা জজ আদালত। পরদিনই নায়ক সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেতা ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যান। তার মৃত্যু নিয়ে শুরু থেকেই রহস্যের জন্ম হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলা হলেও, পরিবার দাবি করে—সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক। অন্য আসামিরা হলেন—প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি (মেফিয়া বিউটি সেন্টার), আবদুস সাত্তার, সাজু, এবং রেজভী আহমেদ ফরহাদ।

ওসি ওমর ফারুক আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা সর্বোচ্চ গতিতে তদন্ত ও অভিযান পরিচালনা করছি। আশা করছি, খুব অল্প সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা সম্ভব হবে।