লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ার মানেই রেকর্ডের পর রেকর্ড। এবার উড়ন্ত হেডে করা এক গোলসহ জোড়া গোল করে আবারও আলোচনায় এলো ফুটবলের এই মহাতারকা। মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ইন্টার মায়ামি ৩-১ ব্যবধানে পরাজিত করেছে ন্যাশভিল এসসিকে।
শনিবার রাতে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এমএলএস প্লে-অফের ‘বেস্ট অব থ্রি’ রাউন্ডের প্রথম ম্যাচেই জয় পেয়েছে মায়ামি। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় হাভিয়ের মাশ্চেরানোর দল। খেলার ১৯ মিনিটে লুইস সুয়ারেজের নিখুঁত ক্রসে ভেসে উঠে মাথা ছুঁইয়ে গোল করেন মেসি—যা তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় হেড।
৬২ মিনিটে তাদেও আলেন্দের হেড থেকে আসে মায়ামির দ্বিতীয় গোল। এরপর ইনজুরি সময়ের ৬ষ্ঠ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে সহজ এক গোলে ব্যবধান ৩-০ করেন মেসি। শেষ দিকে হানি মুখতারের গোলে ব্যবধান কমায় ন্যাশভিল, তবে জয় নিশ্চিত হয়ে যায় মায়ামিরই।
ম্যাচে মায়ামির বল দখল ছিল ৫৩ শতাংশ, শট নেয় ১২টি—যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে ন্যাশভিলের ৬ শটের মধ্যে ৩টি ছিল টার্গেটে।
এর আগে এক সপ্তাহ আগেই ন্যাশভিলকে ৫-২ গোলে হারিয়েছিল মায়ামি, যেখানে হ্যাটট্রিক করেছিলেন মেসি। এবারও তার পায়ের জাদুতেই জয় তুলে নিল ফ্লোরিডার ক্লাবটি।
ম্যাচের আগে মেসির হাতে এমএলএস কমিশনার ডন গারবার তুলে দেন গোল্ডেন বুট—নিয়মিত মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করার স্বীকৃতি হিসেবে। মাত্র একদিন আগে ইন্টার মায়ামির সঙ্গে তিন বছরের নতুন চুক্তিতে সই করেছেন এই আর্জেন্টাইন তারকা।
নতুন চুক্তির পরই মেসির ঝলক যেন আরও উজ্জ্বল। উড়ন্ত হেডে করা গোলটি মনে করিয়ে দিয়েছে তার প্রিয় বার্সেলোনা স্মৃতিকে—যে স্মৃতি আজও ফুটবলপ্রেমীদের হৃদয়ে অমলিন।
আপনার মতামত লিখুন :