লালন একাডেমির সংগীত শিল্পী রতন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ৬:১৯ অপরাহ্ন

কুষ্টিয়া সদর উপজেলায় লালন একাডেমির সংগীত শিল্পী রতন (৪২)-কে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে মিললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রতন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে। তিনি কুষ্টিয়ার সাংস্কৃতিক সংগঠন ‘শিল্পী সমাজ’-এর সহ-সভাপতি এবং লালন একাডেমির নিয়মিত শিল্পী।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, রাতে লালন মাজার এলাকায় অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রতন। পথে মিললাইন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পিছন দিক থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমাম জানান, রাত দুইটার দিকে রতনকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, তবে তিনি এখন শঙ্কামুক্ত।

লালন একাডেমি ও সাংস্কৃতিক সংগঠনগুলো হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ভবের হাট সংগীত একাডেমির সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, “রতনের ওপর হামলা সাংস্কৃতিক অঙ্গনের ওপর আঘাত। দ্রুত অপরাধীদের গ্রেফতার করতে হবে।”

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন জানান, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। কুমারখালী ও মডেল থানা যৌথভাবে বিষয়টি তদন্ত করছে।