আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী জোট গঠন হলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি। এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে দলটি।
রবিবার (২৬ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহামদ ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে দু’সদস্যের প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন এবং চিঠি জমা দেন।
বৈঠক শেষে ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের বলেন, “গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী অনুযায়ী জোট করলেও নিজস্ব প্রতীকে ভোট করতে হবে—বিএনপি এ সিদ্ধান্তের সঙ্গে একমত নয়। পূর্বের অবস্থা বহাল রাখার দাবি জানিয়েছি।”
তিনি আরও বলেন, “কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এ ধরনের সংশোধনীর প্রস্তাব আসেনি। আলোচনা ছাড়া এমন সিদ্ধান্ত গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।”
বিএনপি সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে উপদেষ্টা পর্যায়েও পৃথকভাবে কমিশনকে চিঠি দেওয়া হবে।
এর আগে আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনের সময়ও বিএনপি এই প্রস্তাবের বিরোধিতা করেছিল। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীকে ভোট করতে হলে ছোট দলগুলো জোটে আসতে নিরুৎসাহিত হবে, যা নির্বাচনী রাজনীতির জন্য ক্ষতিকর।
বিএনপির অভিযোগ, নির্বাচন কমিশনের একতরফা এই সিদ্ধান্ত সুষ্ঠু রাজনীতি ও নির্বাচনী পরিবেশের পরিপন্থী এবং তা পুনর্বিবেচনা করা প্রয়োজন।
আপনার মতামত লিখুন :