বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম, বিটিআরসির জরুরি বার্তা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৫, ৭:২৫ অপরাহ্ন

একজন গ্রাহকের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। যেসব গ্রাহকের নামে বর্তমানে ১০টির বেশি সিম রয়েছে, তাদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম বাতিল বা মালিকানা পরিবর্তন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বিটিআরসি এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে কমিশন নিজ উদ্যোগে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দেবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকরা মোবাইল থেকে *16001# ডায়াল করে নিজের এনআইডির শেষ চারটি সংখ্যা লিখে সেন্ড করলে জানতে পারবেন তাদের নামে কতটি সিম নিবন্ধিত আছে।

বিটিআরসি জানিয়েছে, অনেক গ্রাহকের অজান্তেই তাদের নামে একাধিক সিম নিবন্ধিত রয়েছে, যা অপরাধমূলক কাজে ব্যবহারের ঝুঁকি তৈরি করছে। এ কারণেই সর্বোচ্চ সীমা ১০ সিমে নামিয়ে আনা হয়েছে।

গ্রাহকদের অনুরোধ করা হয়েছে, সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার বা সার্ভিস সেন্টারে যোগাযোগ করে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তনের আবেদন দ্রুত সম্পন্ন করতে।