হাসনাত আবদুল্লাহ

বিমান মাইলস্টোনে না পড়ে, সচিবালয়ে পড়া উচিত ছিল


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৫, ৮:৫৭ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিমান মাইলস্টোন স্কুলে না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল, কারণ সচিবালয় এখন দেশের সবচেয়ে বড় স্বৈরতন্ত্র ও গুণ্ডামির আস্তানা হয়ে গেছে। রবিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) বিসিএস পরীক্ষার অগ্রগতি নিয়ে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

হাসনাত বলেন, “জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনিয়ম ও লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ না হলে চাকরিপ্রার্থীরা কখনোই মুক্তি পাবে না। জুলাই মাসে গণ-অভ্যুত্থান শুরু হয়েছিল বিসিএসের বৈষম্য রোধের দাবিতে, কিন্তু আজও পিএসসির কার্যক্রমে সমন্বয়হীনতা বিদ্যমান।”

তিনি আরও অভিযোগ করেন, অভ্যুত্থানের পর সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে আমলারা, যারা নিজেদের পদোন্নতি নিশ্চিত করেছে, কিন্তু সাধারণ চাকরিপ্রার্থীদের দুর্ভোগ এখনও কমেনি। তিনি উল্লেখ করেন, “জনপ্রশাসন মন্ত্রণালয়কে এখনই সংস্কার করা জরুরি। যারা সেখানে দায়িত্বে আছেন, তারা সময়ের সঙ্গে তাল মেলাতে পারছেন না। এই অদক্ষতা ও উদাসীনতার ফলেই নতুন প্রজন্মের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে।”

হাসনাতের মতে, পিএসসি আন্তরিকভাবে সংস্কারের চেষ্টা করছে এবং বিসিএস এক বছরের মধ্যে শেষ করার সুপারিশও করা হয়েছে। তবে চাকরি বিধি সংশোধনের ক্ষমতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের হাতে থাকায়, অনিয়ম বন্ধ না হলে চাকরিপ্রার্থীরা লাল ফিতার শৃঙ্খল থেকে মুক্তি পাবে না।