ফজলুল হক স্মৃতি পুরস্কার-২০২৫

ফজলুল হক স্মৃতি পুরস্কার-২০২৫ পেলেন রায়হান রাফী ও আলিমুজ্জামান


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ২:৩৪ অপরাহ্ন

দেশের চলচ্চিত্র ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছরের ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৫ পেয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রায়হান রাফী এবং সাংবাদিক আলিমুজ্জামান। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি সোমবার (২৭ অক্টোবর) চ্যানেল আই প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, রন্ধনবিশারদ কেকা ফেরদৌসী, সাংবাদিক আবদুর রহমান, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি প্রমুখ।

অনুষ্ঠানে কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, “আমরা ফজলুল হককে পাইনি, কিন্তু তার কাজ দেখেছি।” তিনি জানান, শিল্পকলা একাডেমির আগামী কর্মসূচিতে ফজলুল হকের ওপর নির্মিত ডকুফিল্মটি প্রদর্শন করা হবে।

এছাড়া ফজলুল হককে নিয়ে স্মৃতিচারণ করেন প্রকৃতিবিদ মুকিত মজুমদার বাবু, রন্ধনবিশারদ কেকা ফেরদৌসী, কণ্ঠশিল্পী খুরশীদ আলম, অভিনেতা কেরামত মাওলা ও সাংবাদিক রাজু আলীম। বক্তারা আশা প্রকাশ করেন, প্রয়াত এই চলচ্চিত্র ব্যক্তিত্বকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা **‘সিনেমা’**র সম্পাদক এবং প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘সান অব পাকিস্তান (প্রেসিডেন্ট)’-এর নির্মাতা প্রয়াত ফজলুল হক স্মরণে গত ২২ বছর ধরে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে পরিচালক রায়হান রাফী তার মমতাময়ী মাকে সঙ্গে নিয়ে পুরস্কার গ্রহণ করে অনুষ্ঠানে বিশেষ আবেগঘন মুহূর্ত সৃষ্টি করেন।