বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’-র প্রভাবে উপকূলীয় অঞ্চলে সাগর উত্তাল হয়ে উঠেছে। এ অবস্থায় দেশের চারটি সমুদ্রবন্দর— চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—কে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে আবহাওয়া অফিস থেকে জারি করা বিশেষ বুলেটিন-৬ এ জানানো হয়, ঘূর্ণিঝড়টি মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে।
আবহাওয়া দফতর জানায়, ঘূর্ণিঝড় ‘মোন্থা’ বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। দুপুর ১২টার পর এর অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১,২৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ১,২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা বন্দর থেকে ১,১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে ঘূর্ণিঝড় কেন্দ্রের আশপাশের এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে এবং পরবর্তীতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :