সালমান শাহ হত্যা মামলা

ডন দু’এক দিনের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন!


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ৯:০৩ অপরাহ্ন

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে দায়ের করা মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে। সোমবার জানা গেছে, এই মামলার অন্যতম আসামি চলচ্চিত্র খলনায়ক ডন দু’এক দিনের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। ডন জানিয়েছেন, ৩০ বছর ধরে তিনি যন্ত্রণা ভোগ করছেন এবং এ ঘটনার সুরাহা প্রয়োজন।

ডন বলেন, “সবাই বলছে আমি পালাচ্ছি। ৩০ বছর পালাইনি, এখন কেন পালাবো? বাসাতেই আছি। ভাবছি, দু’এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবো।” তিনি আরও জানান, সালমানকে ভালোবেসে তার জীবন দুর্দশার মধ্যে দিয়ে গেছে, কিন্তু সত্যের প্রকাশ একদিন হবেই।

সালমান শাহর সঙ্গে শেষ সাক্ষাতের স্মৃতি টেনে ডন বলেন, ৩০ আগস্ট তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন। সালমান জানিয়েছিলেন যে ৩ সেপ্টেম্বর ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিংয়ে অংশ নেবেন। কিন্তু দুই দিনের ব্যবধানে তিনি ঝড়ের মতো খবর পেলেন— সালমান শাহ আর নেই।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন সালমান শাহ। মাত্র সাড়ে তিন বছরের অভিনয় ক্যারিয়ারে তিনি দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘দেন মোহর’, ‘তোমাকে চাই’, ‘বিক্ষোভ’, ‘আনন্দ অশ্রু’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘বিচার হবে’, ‘জীবন সংসার’, ‘মহামিলন’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘স্বপ্নের ঠিকানা’ এবং ‘এই ঘর এই সংসার’।

সালমান শাহর মৃত্যুতে তার পরিবার ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে দীর্ঘ সময় ধরে রহস্য ও অশান্তি বিরাজ করছে। দীর্ঘ ২৯ বছরের তদন্তের পর নতুন করে মামলা দায়ের হওয়ায় চলচ্চিত্র জগতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ডন পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তদন্তে নতুন দিক উন্মোচিত হওয়ার আশা করা হচ্ছে।