রেড অ্যালার্ট

‘মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

ভারতের পূর্ব উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’ দ্রুতগতিতে ধেয়ে আসছে। ইতোমধ্যে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও ছত্তিশগড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

ভারতের আবহাওয়া অধিদফতর জানায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের কাকিনাডা ও মাচিলিপাটনমের মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়তে পারে। বর্তমানে এটি চেন্নাই থেকে ৪২০ কিমি, বিশাখাপত্তনম থেকে ৫০০ কিমি এবং কাকিনাডা থেকে ৪৫০ কিমি দূরে অবস্থান করছে। ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার বেগে এটি উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

আবহাওয়া অধিদফতরের মহাপরিচালক ড. এম. মোহাপাত্র জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। এর সর্বোচ্চ বাতাসের বেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার পর এটি কিছুটা দুর্বল হয়ে ওড়িশার দিকে অগ্রসর হবে।

অন্ধ্রপ্রদেশ উপকূলে ইতোমধ্যে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু রাজ্য সচিবালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

প্রতিকারমূলক পদক্ষেপ হিসেবে এনডিআরএফ-এর ২২টি দল মোতায়েন করা হয়েছে পাঁচ রাজ্যে—অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পুদুচেরি, তামিলনাড়ু ও ছত্তিশগড়ে। কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়টি ১,৪১৯টি গ্রাম ও ৪৪টি শহরকে প্রভাবিত করতে পারে। উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।

সাগরে উত্তাল ঢেউ ও জলোচ্ছ্বাসের আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সব সৈকত পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

ওড়িশার দক্ষিণাঞ্চলের আটটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সম্ভাব্য বন্যা ও বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কায় প্রশাসন প্রস্তুত রয়েছে।

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ‘মন্থা’ মঙ্গলবার সন্ধ্যায় স্থলভাগে প্রবেশ করবে এবং প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার কারণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমস