তুরস্কে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি। সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪৮ মিনিটে) ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে।
দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার বরাতে দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা (আফাদ) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে।
ইস্তানবুল, বুরসা, মানসিয়া ও ইজমিরসহ আশপাশের প্রদেশেও কম্পন অনুভূত হয়। আফাদের প্রাথমিক তথ্যে জানা গেছে, সিন্দির্গিতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত আগস্টেও একই অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই থেকে বালিকেসির এলাকায় ছোট ছোট কম্পন অব্যাহত ছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ভূতাত্ত্বিকভাবে তুরস্ক একটি বড় ফল্ট লাইনের ওপর অবস্থিত, যার কারণে দেশটিতে নিয়মিত ভূমিকম্প ঘটে থাকে। ২০২৩ সালে দক্ষিণ ও দক্ষিণপূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৫৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান এবং হাজার হাজার ভবন ধসে পড়ে। প্রতিবেশী সিরিয়াতেও সেই কম্পনে কমপক্ষে ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
সূত্র: এএফপি
আপনার মতামত লিখুন :